ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে যেভাবে কাজ করে : আদ্যোপান্ত
অনলাইনে যারা কেনাকাটা করতে পছন্দ করি, পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা সবাই কমবেশি পরিচিত। রকমারি, দারাজ কিংবা পিকাবুতে শপিং শেষ করেই আমরা যারা প্রিপেমেন্ট মেথড সিলেক্ট করি তারা বিকাশ, রকেট, শিওরক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা আই ব্যাংকিং এর মাধ্যমে বিল পরিশোধ করি।
যে সিকিউরড ওয়েব পেইজটিতে আমাদেরকে বিল প্রদানের জন্য নিয়ে যাওয়া হয় সেটিই ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে। আমাদের অনেকের মনেই এই পেমেন্ট গেটওয়ে কীভাবে কাজ করে, সে চিন্তা একবারের জন্য হলেও যাদের মনে জন্ম নিয়েছে, তাদের জন্যই আজকের এই লেখাটি। চলুন শুরু করা যাক–
অনলাইনে বিল পরিশোধ করা এখন আমাদের নিত্যদিনের একটি প্রয়োজনে পরিণত হয়েছে। আমরা অনলাইনে শুধু ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেই লেনদেন করছি না, বিভিন্ন মোবাইল ওয়ালেট ও নেট ব্যাংকিং এর মাধ্যমেও অনলাইন ট্রানজেকশন করছি।
প্রগতিশীল বিশ্বে ব্যাবসায়িক কার্যক্রম অনলাইনে চলে আসার পরে লেনদেন করার বিষয়টিও ডিজিটাল করা অত্যাবশ্যকীয়। তাই ইকমার্স প্রতিষ্ঠানগুলো ব্যাবসা কার্যক্রমকে পেমেন্ট গেটওয়ের সাথে সংযুক্ত করে দ্রুত পেমেন্ট গ্রহণ করছে।
অনলাইনে পেমেন্ট করা খুবই সহজ ও সাবলীল একটি বিষয়। এর মাধ্যমে আপনি পৃথিবীর যে-কোনো প্রান্ত হতে যে-কোনো প্রডাক্ট বা সার্ভিস খুব সহজেই ক্রয় করতে পারেন। যদি আপনি একজন সেলার হয়ে থাকেন, তাহলে দুনিয়ার সর্বত্রই আপনি আপনার পণ্য বিক্রি করতে পারেন ইন্টারনেট কানেকশনে সংযুক্ত হয়ে।
আর এর জন্যে আপনার কাস্টমারের কমপিউটার থাকারও কোনো প্রয়োজন নেই, শুধু ইন্টারনেট কানেকশনযুক্ত একটি স্মার্টফোন থাকলেই যথেষ্ট।
কিন্তু কী এই পেমেন্ট গেটওয়ে? এর মাধ্যমে ট্রানজেকশন করা কি নিরাপদ? আপনার ব্যবসাকে পেমেন্ট গেটওয়ের সাথে যুক্ত করা কি লাভজনক? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখি।
পেমেন্ট গেটওয়ে কি?
অনলাইন পেমেন্ট গেটওয়ে (Payment Gateway – PG) হলো একটি টানেলের মতো, যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা অর্থের উৎসের সাথে আপনি যেখানে অর্থ স্থানান্তর করতে চান তার সাথে একটি নিরাপদ সংযোগ স্থাপন করে।
পিজি হলো একটি সফ্টওয়্যার যা আপনাকে বিভিন্ন পেমেন্ট মোড যেমন – নেট ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ফাইন্যানশিয়াল সিস্টেমের মাধ্যমে ট্রানজেকশন করার ব্যবস্থা করে দেয়।
পেমেন্ট গেটওয়ে এখানে থার্ড পার্টি একটি সিস্টেম যা নিরাপদে আপনার অর্থ উৎস হতে মার্চেন্ট পেমেন্ট পোর্টালে পৌঁছে দেয়। মনে করেন, আপনি রকমারি ডটকম থেকে একটি বই কিনবেন। আপনাকে রকমারিকে এই বইয়ের মূল্য নিশ্চয়ই পরিশোধ করতে হবে। আর এই কাজটিই আপনাকে করে দেবে অনলাইন পেমেন্ট গেটওয়ে।
কীভাবে অনলাইন পেমেন্ট গেটওয়ে কাজ করে?
অনলাইন পেমেন্ট গেটওয়েগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে নিরাপদে তথ্য স্থানান্তর করা। কারণ ট্রানজেকশন সম্পন্ন করতে যে-সব ইনফরমেশন প্রয়োজন তা খুবই গোপনীয়। তাই গেটওয়েগুলো আপনার তথ্যগুলো এনক্রিপশনের মাধ্যমে ট্রান্সফার করে যাতে মাঝপথে এই তথ্য কেউ পড়তে না পারে।
স্টেপ–১ : একজন কাস্টমার তার কেনাকাটার তালিকা তৈরি করে চেকআউট বাটনে ক্লিক করেন।
স্টেপ–২ : ইকমার্স প্লাটফর্ম কাস্টমারকে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়, যেখানে কাস্টমার তার ব্যাংক বা কার্ডের তথ্য প্রদান করেন।
স্টেপ–৩ : পেমেন্ট গেটওয়ে ব্যাংকের কাছে তথ্য পাঠায় এবং ব্যাংক যাচাই করে গ্রাহকের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা।
স্টেপ–৪ : ব্যাংক অনুমোদন দিলে মার্চেন্ট কাস্টমারকে সফল ট্রানজ্যাকশনের বার্তা পাঠায়, না হলে একটি এরর মেসেজ পাঠানো হয়।
স্টেপ–৫ : মার্চেন্টের অনুরোধ অনুযায়ী ব্যাংক নির্ধারিত অর্থ মার্চেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করে দেয়।
কীভাবে পেমেন্ট গেটওয়ে তথ্য নিরাপদ রাখে?
- HTTPS (Hypertext Transfer Protocol Secure) ব্যবহার করে নিরাপদ সংযোগ নিশ্চিত করা হয়।
- হ্যাশ ফাংশন এবং সাইনড রিকুয়েস্ট ব্যবহার করে ট্রানজেকশন যাচাই করা হয়।
- সার্ভারের IP Address যাচাই করে অবৈধ রিকুয়েস্ট শনাক্ত করা হয়।
- 3-D Secure বা Virtual Payer Authentication অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে।
- Fraud Screening Tools যেমন : CVV, AVS ইত্যাদি প্রতারণামূলক লেনদেন প্রতিরোধ করে।
পেমেন্ট গেটওয়ে নিরাপদ পেমেন্ট নিশ্চিতে কাস্টমার ও মার্চেন্টের মধ্যে একটি নিরাপদ মাধ্যম তৈরি করে। এটি ট্রানজেকশন-এ অংশগ্রহণকারী ব্যাংক এবং কাস্টমার উভয়কেই যাচাই করে।
পেমেন্ট গেটওয়ের সবচেয়ে বড়ো সুবিধা হলো, এটি একসাথে মিলিয়নেরও বেশি কাস্টমারকে পেমেন্ট করার সুযোগ দেয় এবং যে-কোনো সময়, যে-কোনো স্থান থেকে পণ্য বা সার্ভিস কেনা-বেচা করা সম্ভব হয়।
Join the conversation